শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চার প্রার্থীর মনোনয়ন বাতিল

শেষ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১৩ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল করেছে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত মোট ১৩ জনের মধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়ন পত্র জমা দেয়।

১৫ সেপ্টেম্বর রোববার বাছাই শেষে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির মো. ইলিয়াস উদ্দিন হলফ নামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন এবং একই অভিযোগে স্বতন্ত্র প্রার্থী মো. মিনহাজ উদ্দিন মিনালের মনোনয়নপত্র বাতিল করে রির্টানিং কর্মকর্তা। এছাড়াও আয়কর নথি চালু না থাকায় চেয়ারম্যান পদে বাংলাদেশ তরিকত ফেডারেশনের মনোনীত প্রার্থী মিজানুর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়। এদিকে ভাইস চেয়ারম্যান পদে আয়কর নথি চালু না থাকায় মো. আশরাফুল আলম মিজানের মনোনয়নপত্র বাতিল হয়। তবে মনোনয়নপত্র বাতিলকৃতরা জেলা প্রশাসক ও নির্বাচন কর্মকর্তা বরাবর আপিল করতে পারবেন।

অপরদিকে বৈধ প্রার্থীরা হলেন- চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম, বিএনপির মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম মাসুদ, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ বায়েযীদ হাছান। ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র মো. জুলহাস উদ্দিন, মো. আল হেলাল, মুহাম্মদ মনোয়ারুল ইসলাম, মোহাম্মদ মোছা মিঞা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীম আরা বেগম ও স্বতন্ত্র সাবিহা জামান শাপলা।

উল্লেখ্য, আগামী ১৪ই অক্টোবর শেরপুর সদর উপজেলা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং সিস্টেম (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন বাছাই ১৫ই সেপ্টেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২২ সেপ্টেম্বর। এ উপজেলায় ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৩ লাখ ৬১ হাজার ২৮২ জন ভোটার ১৪০টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর