ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বরিশালের আল নাহিয়ান খান জয়

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে ১ম সহ-সভাপতি বরিশালের আল নাহিয়ান খান জয়কে। একইসঙ্গে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ১ম যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে।

ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের পদ থেকে রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং গোলাম রাব্বানীকে সরিয়ে দিয়ে তাদের দায়িত্ব দেওয়া হয়।
শনিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে এ সিন্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে।

জানা যায়,বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা আব্দুল আলী খান এর ছেলে আল নাহিয়ান খান জয়। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছিলেন।

শিক্ষাজীবনে তিনি বরিশাল জিলা স্কুলের ছাত্র ছিলেন। এরপর এসএসসি পাশ করে ঢাকা কমার্স কলেজে উচ্চ মাধ্যমিক শেষ করেন জয়।

বরিশাল জিলা স্কুলে অধ্যয়নরত অবস্থাতেই ছাত্রলীগের রাজনীতিতে হাতেখড়ি হয় জয়ের।মূলত তার যোগ্য নেতৃত্বের কারণে ঢাকা কমার্স কলেজে ছাত্রলীগের কার্যক্রম অনেক দূরে এগিয়ে যায়।

উচ্চ মাধ্যমিক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন মেধাবী ছাত্র আল নাহিয়ান খান জয়। বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক ছিলেন তিনি এবং পরবর্তীতে এ হলের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেন মেধাবী এ ছাত্র নেতা। সততা, নিষ্ঠা আর কর্মদক্ষতার কারনে এর পর থেকে ত্যাগী এ নেতাকে আর পিছে ফিরে তাকাতে হয়নি। ডাক আসে ছাত্রলীগের কেন্দ্রীয় রাজনীতিতে।

মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান জয়ের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তার বাবা আব্দুল আলীম খানের হাত ধরে উপজেলা ছাত্রলীগ এর পথচলা শুরু হয়। তিনি উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়।

উল্লেখ্য আল নাহিয়ান খান জয় বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগে অধ্যায়নরত আছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর