বিডি ক্লিনের উদ্যোগে শেরপুর সদর হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান

‘পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন’ এ শ্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের উদ্যোগে এবার শেরপুর জেলা সদর হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে ওই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম। পরে তিনি বিডিক্লিন সদস্যসহ অন্যান্যদের পরিচ্ছন্নতার শপথবাক্য পাঠ করান।

বিডিক্লিন শেরপুরের সমন্বয়ক আল আমিন রাজুর সভাপতিত্বে ওইসময় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন, নেপোলীস্থ বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদী হাজারী, মানবাধিকার কর্মী শামীম হোসেন, সংগঠনের সহ-সমন্বয়ক মেহেদী হাসান শামীমসহ বিডিক্লিনের বিভিন্ন ইউনিটের প্রধানগণ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে অতিথিসহ সংগঠনটির অর্ধশতাধিক নারী-পুরুষ সদস্য হাতে ঝাড়– নিয়ে ও মুখে মাস্ক পড়ে হাসপাতাল চত্ত্বরের চারপাশের বিভিন্ন ময়লা-আবর্জনা পরিস্কার করে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলেন। সেইসাথে স্থানীয়দের আশেপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হওয়ার পরামর্শ দেন।
আয়োজক সংগঠনের সমন্বয়ক আল আমিন রাজু বলেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে তাদের ওই কার্যক্রম অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে তা পুরো শহরে সম্প্রসারণ করা হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর