র‌্যাবের মারধরে জবির ৬ শিক্ষার্থী আহত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উত্তরণ-২ বাসে যাতায়াতকারী শিক্ষার্থীদের উপর সায়দাবাদে র‍্যাব-১০ এর টহলরত গাড়ির সদস্যরা হামলা করেছে। এতে ৬ শিক্ষার্থী আহত ও এক শিক্ষার্থীকে গাড়িতে তুলে নিয়েও তৎক্ষণাৎ ছেড়ে দেয়া হয়। বিষয়টি অনাকাঙ্খিত বলে র‌্যাব দায় স্বীকার করেছে।
গতকাল বৃস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকাল পৌনে চারটায় সায়দাবাদে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে উঠার সময় এ হামলার ঘটনা ঘটে।
উত্তরণ-২ বাসের শিক্ষার্থীরা জানান,বাসটি সায়দাবাদে ফ্লাইওভারে উঠার সময় র‌্যাব-১০ এর গাড়ি (ঢাকা মেট্রো চ- ৫৩২২৩৭) ইউটার্ন নেওয়ার জন্য দাঁড়িয়ে ছিল। বিশ^বিদ্যালয় বাসটি ফ্লাইওভারে উঠতে বাঁধা হয়ে দাঁড়ায়।

এ সময় বাসে যাতায়াতকারী ১১ তম ব্যাচ ভূগোল বিভাগের শিক্ষার্থী শুভ র‌্যাবের গাড়িকে সরিয়ে দিয়ে বিশ^বিদ্যালয় বাসটিকে যাওয়ার জন্য সুযোগ দিতে বলেন। এ কথা বলায় র‌্যাব-১০ এর ড্রাইভার শিক্ষার্থীর সাথে খারাপ ব্যবহার করলে বাকবিতন্ডার সৃষ্টি হয়। ফলে গাড়িতে থাকা র‌্যাবের অন্য সদস্যরা শুভকে মারধর করতে থাকে। বাসের অন্য শিক্ষার্থী এগিয়ে আসলে তাদেরকেও এলোপাতাড়ি মারধর করতে থাকে। মারধরের ফলে শুভ ও রবিউলসহ ১৩ তম ব্যাচ সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সোলাইমান, ১১ তম ব্যাচ মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শরীফ ১৪ তম ব্যাচ পদার্থ বিভাগের তৌসিফ এবং ১২ তম ব্যাচ বাংলা বিভাগের আলআমিন আহত হন। আহতদের মধ্যে শুভ গুরুতর আহন হন। এ সময় ১১ তম ব্যাচ ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রবিউলকে গাড়িতে তুলে নিলেও তৎক্ষণাৎ ছেড়েও দেয় র‌্যাব। আহতদের ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে র‌্যাব-১০ এর স্কোয়াড কমান্ডার ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এএসপি মোঃ শহিদুল হক মুন্সি বার্তা বাজারকে বলেন,ঘটনার সময় আমি নিজেই উপস্থিত ছিলাম। আহত হওয়ার মত এমন কোন ঘটনায় ঘটেনি তবে ঘটনাটি অনাকাঙ্খিত। একটি ছোট বিষয়কে নিয়ে নিজেদেরকে অসম্মানি না করি। আহতদের সংখ্যার কথা জানালে উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন কেন শিক্ষার্থীরা র‌্যাবের গাড়ির সামনে আসল?

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল এ বিষয়ে বার্তা বাজারকে বলেন, আমরা র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমদের সঙ্গে কথা বলেছি। তিনি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। অনাকাঙ্খিতভাবে ঘটনাটি ঘটেছে বলে র‌্যাব আমাকে জানায়। এছাড়াও তারা রবিবার ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলবেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর