শেরপুর জেলার সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন আর ভাইস চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ১৪ অক্টোবর শেরপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম, বিএনপির মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম মাসুদ, জাতীয় পার্টির প্রার্থী আলহাজ্ব মো. ইলিয়াছ উদ্দিন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের প্রার্থী মো. মিজানুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মিনহাজ উদ্দিন মিনাল ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বায়েযীদ হাছান মনোনয়নপত্র দাখিল করেন।
অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে মুহাম্মদ মনোয়ারুল ইসলাম, মো. জুলহাস উদ্দিন, মোহাম্মদ মোছা মিঞা, মো. আল হেলাল ও মো. আশরাফুল আলম মিজান এবং নারী ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম ও সাবিহা জামান শাপলা মনোনয়নপত্র জমা দেন।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২২ সেপ্টেম্বর। আগামী ১৪ অক্টোবর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদের জন্য ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে সদর উপজেলার সকল ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বার্তা বাজার/এস.আর