দুই পুলিশ কর্মকর্তাকে কুপালো ছাত্রলীগ নেতা

হবিগঞ্জের নবীগঞ্জে দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ সোহান আহমেদ মুসা।আজ  (বৃহস্পতিবার) সন্ধ্যার পর নবীগঞ্জ শহরের সালামতপুর এলাকায় ব্র্যাক অফিসের কাছে এ ঘটনা ঘটে। দুই পুলিশ কর্মকর্তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ।  অভিযুক্ত শাহ সোহান আহমেদ মুসা পৌর এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী।

গুরুতর আহত অবস্থায় থানা পরিদর্শক (তদন্ত) উত্তম কুমারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত এসআই ফখরুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর নবীগঞ্জ শহরের সালামতপুর এলাকায় ব্র্যাক অফিসের কাছে তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামি মুসার দোকানে পুলিশ অভিযান চালায়। এ সময় তাকে গ্রেফতার করতে চাইলে সোহানুর রহমান মুসা দোকান থেকে একটি ধারালো রামদা নিয়ে পুলিশের ওপর এলোপাথাড়ি কুপাতে থাকে।

হামলায় পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার এবং এসআই ফখরুজ্জামান গুরুতর আহত হন। তাদের কুপিয়ে মুসা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন দুই পুলিশ কর্মকর্তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে গুরুতর অবস্থায় ওসি তদন্ত উত্তম কুমারকে সিলেটে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন জানান, মুসা একজন তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ইয়াবা ব্যবসায়ী। তার বিরুদ্ধে পরোয়ানা থাকায় পুলিশ গ্রেফতার করতে তার দোকানে অভিযান চালায়। এ সময় সে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই কর্মকর্তাকে আহত করেছে। মুসাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

 

 

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর