গরম পানি ঢেলে গৃহকর্মীকে অমানবিক নির্যাতন, স্বামী-স্ত্রী আটক

কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের বাতাশা পট্টি এলাকায় সাদিয়া বেগম (১৬) নামে এক গৃহকর্মীকে লাঠিপেটা ও গরম পানি ঢেলে অমানুষিক নির্যাতনের অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাদিয়াকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাদিয়া ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সিংগেরকান্দা গ্রামের মৃত জামাল মিয়ার মেয়ে। তার মা-ও বেঁচে নেই।

পুলিশের হাতে আটক স্বামী-স্ত্রী হলেন- ভৈরব বাজারের গিয়াস উদ্দিন মিয়ার মেয়ে গৃহকর্ত্রী মেহেরুন্নেছা অপি এবং তার স্বামী উপজেলার শিমুলকান্দি গ্রামের হাজী উসমান গণির ছেলে তানভীর রাফসান সাদলী।

স্বজনরা জানান, সাত বছর আগে ভৈরব বাজারের মেহেরুন্নেছা অপির বাসায় গৃহকর্মীর কাজ নেয় সাদিয়া। বিভিন্ন সময় ছোট ছোট ভুলের জন্য মারধরের পাশাপাশি তাকে ঘরে তালাবদ্ধ করে রাখা হতো। পরিবারের অভিযোগ, সোমবার সন্ধ্যায়, কাজের সময় ছুরি ভেঙে যাওয়ায় সাদিয়াকে মারধর করে অপি ও তার স্বামী তানভীর রাফসান। এক পর্যায়ে তার হাতে গরম পানি ঢেলে দেয় অপি।

এরপর রাতে পালিয়ে খালার বাসায় আশ্রয় নেয় সাদিয়া। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় এক কাউন্সিলরের সহায়তায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সাদিয়া বলেন, সারা শরীরে পিটিয়েছে। অপি আমার গলায় চাপ দিয়ে চাকু দিকে গুতিয়ে মেরেছে। কপালে কেটে রক্ত বের হচ্ছিল তারপরও আমাকে মেরেই যাচ্ছিল। গরম পানি ঢেলে দিয়েছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো: ফেরদৌস হায়দার জানান, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতগুলো গুরুতর বলে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এ প্রসঙ্গে ভৈরব থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার জানান, কাজের মেয়েকে অমানুষিক নির্যাতনের অভিযোগে রাতেই স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। লিখিত অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর