সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের চরম সমালোচনা করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘এ ধরনের মন্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। তার ক্রমাগত মিথ্যাচারের কারণে তাকে অনেকেই “মিথ্যা ফখরুল” বলেন। তিনি এমন মিথ্যাচারের করেছেন যে কিনা নিজেই নিজের রেকর্ড ভঙ্গ করেছেন।’
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সোমবার এক আলোচনা সভা শেষে তথ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং তার স্ত্রী খালেদা জিয়া বঙ্গবন্ধুর হত্যাকারীদের কেবল আশ্রয়ই দেননি, তারা খুনিদের রাজনৈতিকভাবে পুনর্বাসিতও করেছেন।’
‘বিএনপির রাজনীতিই মিথ্যার ওপরে প্রতিষ্ঠিত’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া ১৯৮২ সালে ক্ষমতাসীন এরশাদ সাহেবের কাছ থেকে দুটি বাড়ি ও ১০ লাখ টাকা নিয়েছেন। খালেদা জিয়া যদি এরশাদের অবৈধ ক্ষমতা দখলের বিরোধিতাই করতেন, তবে কেন তিনি এরশাদের কাছ থেকে দুটি বাড়ি এবং অর্থ নিয়েছিলেন?’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে তিক্ত সত্য বলেছেন। এই সত্য বিএনপি নেতাকে আহত করেছে।’
বার্তাবাজার/এএস