সমাজকে অপরাধ ও সন্ত্রাসমুক্ত করতে সামাজিক বন্ধন মজবুত করার আহবান জানিয়েছেন চট্রগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে মুক্তি পেতে হলে পারিবারিক ও সামাজিক বন্ধন দৃঢ় করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
সোমবার (৯ সেপ্টেম্বর) নগরীর রয়েল গার্ডেন কমিউনিটি সেন্টারে চসিকের বাগমনিরাম ওয়ার্ডের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
সন্তানদের হাতে হাতে ১৮ বছরের আগে মোবাইল ফোন না দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিকের আইনশৃঙ্খলা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর এইচএম সোহেল, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মণি, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আক্তার, স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস, মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এমদাদুল ইসলাম সহ প্রমুখ।
মেয়র বলেন, সামাজিক বন্ধনের শিক্ষা আমরা প্রতিটি পরিবার থেকে পেয়ে থাকি। পারিবারিক এ বন্ধন দৃঢ় হলে একের প্রতি অপরের জবাবদিহিতা থাকে। আর যেখানে জবাবদিহিতা থাকে সেখানে অপরাধ প্রবণতাও কমে আসে।
তিনি আরো বলেন, আমাদের মধ্যে রাজনৈতিক আদর্শগত ভিন্নতা থাকতে পারে। তবে সুষ্ঠু সুন্দর সমাজ গঠনে সকলকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি নির্মূল করতে হবে। এ কাজটি সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য চাই সামাজিক ঐক্য ও আন্দোলন।
মাদক আমাদের প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মাদক ও সন্ত্রাস একে অপরের পরিপূরক। মাদককে সমাজ থেকে নির্মূল করা গেলে সন্ত্রাসও নির্মূল হবে। উন্নয়নের প্রতিবন্ধকতা হচ্ছে সন্ত্রাস ও মাদক। তাই সমাজ থেকে সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতি উচ্ছেদ করে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার দায়িত্ব আমাদের সকলের।
বার্তাবাজার/ডব্লিওএস