এক মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই গৃহবধূর মৃত্যু ও প্রায় অর্ধশত নারী-পুরুষ আক্রান্ত হওয়ায় যশোরের বাঘারপাড়া উপজেলার প্রেমচাড়া গ্রামের বাসিন্দারা ডেঙ্গু আতঙ্কে ভুগছে।একটু জ্বর হলেই তারা ভীত হয়ে ছুটে যাচ্ছে হাসপাতালে।স্থানীয় সূত্রে জানা গেছে,এই প্রেমচড়া গ্রামে এক মাসের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দুই জন তারা হলেন গ্রামের আবুল হোসেনের স্ত্রী আলেয়া বেগম ও মৃত বাবর আলীর স্ত্রী মাঝু বিবি।এ ছাড়া দক্ষিণ চাঁদপাড়ায় ডেঙ্গুতে আক্রান্ত তাইজেলের ছেলে লাল্টুকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। লাল্টুর বোন নড়াইলের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
আর একই গ্রামের শহীদুল ইসলামের ছেলে সম্প্রতি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।এ ছাড়াও ফিরোজের ছেলে ফাহাদ ঢাকা মেডিক্যাল ও চেরাগ আলীর ছেলে আসাদুল খুলনা মেডিক্যাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে এখন বাড়িতে।ঢাকা মেডিক্যালে ভর্তি হয়েছিলেন হাসান আলীর ছেলে রিয়াদ।যশোর মেডিক্যালে ভর্তি ছিলেন এলাহী মোল্লার ছেলে মাস্টার আমজাদ,সাঈদের ছেলে সাকিব,কালু মোল্যার ছেলে সাহেদ। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ডালিমের ছেলে রিপন হোসেন,মন্টু মিয়ার মেয়ে বৃষ্টিসহ আরো অনেকে।
এ ব্যাপারে স্বেচ্ছাসেবী সংগঠন আরশাদ আছিয়া কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান রোস্তম আলী মোল্যা বলেন,প্রেমচাড়া গ্রামে বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।এরই মধ্যে প্রায় ৪০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।ট্রাস্টের পক্ষ থেকে এলাকাবাসীকে সচেতন করার জন্য শোভাযাত্রা,লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।গ্রামের অসচেতন হতদরিদ্র জনগোষ্ঠীকে সচেতন করার জন্য ডেঙ্গুর লক্ষণ ও করণীয় বিষয়ে আলোচনাসভা শেষে বাড়ি বাড়ি গিয়ে মশা নিধন ও কীটনাশক স্প্রে করা হয়েছে।পাশাপাশি গ্রামবাসীকে সঙ্গে নিয়ে বসতবাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম চলছে।
বার্তাবাজার/কে.জে.পি