জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট।চলতি সপ্তাহের যেকোনো দিন শুনানি হতে পারে।
রোববার (৮ সেপ্টেম্বর) সকালে বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি এসএম আব্দুল মোবিনের বেঞ্চে জামিন আবেদন জমা দেন বেগম জিয়ার আইনজীবী। আগামি সপ্তাহে এ আবেদনের শুনানি হবে বলেও জানিয়েছেন তারা।
আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন ও কায়সার কামাল। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
এর আগে গত ৩১ জুলাই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিন আবেদন সরাসরি খারিজ করে দিয়েছিলো হাইকোর্ট।
এ আদেশের বিরুদ্ধে আপিল না করে পুনরায় হাইকোর্টে আবেদন জানান বেগম জিয়া। দুদকের আইনজীবী বিষয়টিকে নজিরবিহীন বললেও, বেগম জিয়ার আইনজীবীরা বলছেন, বেগম জিয়া গুরুতর অসুস্থ হওয়ায় নিয়ম মেনে তারা এ আবেদন করেছেন।
বার্তাবাজার/এএস