একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ রবিবার (৮ সেপ্টেম্বর) বসছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে।
এর আগে সংসদ ভবনে অনুষ্ঠেয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ অধিবেশনের মেয়াদসহ অন্যান্য কার্যক্রম নির্ধারিত হবে। সাংবিধানিক বাধ্যবাধকতার এ অধিবেশন সপ্তাহখানেক চলতে পারে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার সংবিধানিক ক্ষমতাবলে গত ২১ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন। সংবিধানের বিধান অনুযায়ী সংসদের দুটি অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না। সংবিধানের এই বাধ্যবাধকতা মানতেই এ অধিবেশন বসছে।
এর আগে গত ১১ জুলাই সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এ অধিবেশনে বেশ কয়েকটি বিল উত্থাপন ও পাস হবে।
বার্তাবাজার/ডব্লিওএস