বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়।

শুক্রবার আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থিত লঘুচাপটি বর্তমানে উত্তর উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

সারাদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৩ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থিত লঘুচাপটি বর্তমানে উত্তর উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মৌসুমী বাযুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও উত্তর-পূর্ব দিকে অগ্র্রসর হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারী থেকে প্রবল অবস্থায় বিরাজমান রয়েছে।

শুক্রবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ১২ মিনিটে এবং শনিবার ঢাকায় সূর্যোদয় সকাল ৫ টা ৪২ মিনিটে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর