ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিলে সভাপতি পদে মোহাম্মদ মামুন বিল্লাহ ওরফে মামুন খানের প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে আপিল কমিটি। শুক্রবার রাতে শামসুজ্জামান দুদু ও ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, ছাত্রদলের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে সভাপতি পদে মোহাম্মদ মামুন বিল্লাহ ওরফে মামুন খানের প্রার্থিতা আপিল কমিটি পুনর্বহাল করেছে। মোহাম্মদ মামুন বিল্লাহ’র প্রার্থিতা আপিল কমিটি যে কারণে বাতিল করেছিলো, এই ব্যাপারে তিনি তার প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদনের সাথে যথোপযুক্ত তথ্য, ব্যাখ্যা ও দালিলিক প্রমাণ দাখিল করেতে সক্ষম হয়েছেন।
তার দাখিলকৃত প্রমাণে আপিল কমিটি সন্তুষ্ট হয়ে তাকে ছাত্রদলের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলে সভাপতি পদে বৈধ প্রার্থী হিসেবে অনুমোদন করেছে।অপর এক বিবৃতিতে জানানো হয়, আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিলের জন্য দায়িত্বপ্রাপ্তদের কাউন্সিলর কার্ড আগামী ১১ সেপ্টেম্বর থেকে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বিতরণ করা হবে।
সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীগণ আগামী ১২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয় থেকে তাদের কার্ড সংগ্রহ করতে পারবেন।কাউন্সিল আয়োজনে গঠিত সংশ্লিষ্ট কমিটিসমূহের নেতৃবৃন্দের সাথে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীগণ সৌজন্য সাক্ষাৎ- এ মিলিত হবেন ১২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায়।
বার্তাবাজার/এম.কে