গাছের সুপারি চুরির অভিযোগে মো. আলাউদ্দিন (১২) নামে এক শিশুকে শিকল দিয়ে বেঁধে তালাবদ্ধ করে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় ফাতেমা বেগম (৩৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে ভোলার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার শিশু আলাউদ্দিন ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চর আনন্দ গ্রামের মো. কামাল দেওয়ানের ছেলে। গ্রেফতারকৃত ফাতেমা একই গ্রামের প্রবাসী মোছলেছ উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে প্রবাসী মোছলেহ উদ্দিনের বাগানের সুপারি চুরির অভিযোগে শিশু আলাউদ্দিনকে আটক করে।
এরপর আলাউদ্দিনকে লোহার শিকল দিয়ে বেঁধে তালাবদ্ধ করে মারধর করেন প্রবাসীর স্ত্রী ফাতেমা ও তার সহযোগী একই গ্রামের ইউসুফ পাটওয়ারী, মাইনউদ্দিন ও সামছুদ্দিন।
পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই শিশুটিকে উদ্ধার করে।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রতন কুমার শীল জানান, এ ঘটনায় শিশু আলাউদ্দিনের চাচা ইসমাইল হোসেন ওই চারজনকে আসামি করে ভোলা মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ আসামি ফাতেমা বেগমকে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।