পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে সারাদেশে ন্যায় সাতক্ষীরার বিভিন্ন সড়কে যানবাহনের উপর মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে। নতুন বাইপাস সড়কসহ বিভিন্ন সড়কে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নির্দেশনায় বুধবার দুপুরে শহরের আলীপুর পেট্রোল পাম্পের সামনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিআরটিএ সূত্রে জানা যায়, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিআরটিএ’র সমন্বয়ে সাতক্ষীরা শহরের আলীপুর পেট্রোল পাম্পের সামনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্টে বিভিন্ন মোটযানের মধ্যে ৬ টি মামলার বিপরীতে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এ সময় উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাম্মী আক্তার ও বিআরটিএ’র অফিস সহকারী মোঃ সাইফুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
মোবাইল কোর্টের অভিযানের বিষয়ে সাতক্ষীরা বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি:) এ, এস, এম ওয়াজেদ হোসেন বলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল এবং বিআরটিএ খুলনা বিভাগীয় উপ-পরিচালক (ইঞ্জি:) মোঃ মহাসিন হোসেন খুলনা বিভাগের প্রত্যেকটি সার্কেলে সকল প্রকার যানবাহনের উপর মোবাইল কোর্ট করার নির্দেশনা দিয়েছেন, যেসকল যানবাহনের কাগজ পত্র খেলাপি এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স নেই এ সকল যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে এদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।
তিনি আরো বলেন, সাতক্ষীরার শহরের বিভিন্ন পয়ের্ন্টে ও বিশেষ করে নতুন বাইপাস সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, সম্প্রতি সাতক্ষীরার নতুন বাইপাস সড়কে উঠতি বয়সের কোমলমতি স্টুডেন্টরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে ইতোমধ্যে হতাহতের ঘটনা ঘটে যাওয়ার পরিপ্রেক্ষিতে উক্ত সড়ক গুলোতে জেলা প্রশাসন বিশেষ নজরদারিতে রাখেছেন। এ জন্য আমরা নিয়মিত ভাবে বাইপাস সড়কসহ অন্য সকল সড়কে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রেখেছি।
বার্তাবাজার/ডব্লিওএস