যৌতুক না দেওয়ায় নির্যাতনের শিকার গৃহবধূ

নড়াইলের লোহাগড়ায় চাহিদা মতো যৌতুক না দেওয়ায় স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন এক গৃহবধূ। বর্তমানে তিনি লোহাগড়া হাসপাতালে চিকিৎসাধীন।নির্যাতিতা ও তার পরিবার জানায়, লোহাগড়ার উপজেলার চর-মল্লিকপুর গ্রামের লোকমান শেখের ছেলে নুর আলমের সাথে প্রায় সাত বছর পূর্বে বিয়ে হয় ইতনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের ওই গৃহবধূর।

বর পক্ষকে বিয়ের সময়ই স্বর্ণাংকার, নগদ টাকা, ফার্নিচারসহ প্রায় আড়াই লক্ষ টাকার যৌতুক দিতে বাধ্য হন মেয়ের পরিবার। বিয়ের পর তার স্বামী মাঝে মাঝে তাকে টাকার জন্য মারপিট করতো। তাদের সংসারে আরমান নামে সাড়ে তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় যৌতুকের টাকা নিয়ে স্বামী নূর আলমের সাথে তার ঝগড়া হয়। এ সময় নূর আলম স্ত্রীকে নিজ বাড়িতে বেদম মারপিট করেন। পরে গ্রামবাসীরা তাকে উদ্ধার করে শুক্রবার লোহাগড়া হাসপাতালে ভর্তি করে।

নির্যাতনের শিকার ওই গৃহবধূ অভিযোগ করেন, স্বামী যৌতুকের টাকার জন্য আমাকে মাঝে মাঝে মারপিট করে।লোহাগড়া হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার আব্দুল্লা আল মামুন জানান, রোগীর চিকিৎসা চলছে। রোগীর শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় পান্না বেগম লোহাগড়া থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. মোকাররম হোসেন জানান, অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর