ঢাকার সাভারে ঢাকা জেলা ডিবি (উত্তর) অভিযান চালিয়ে রেজিয়া বেগম (২৫) নামের এক চিহ্নিত নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল শনিবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ৮.৩০ ঘটিকায় সাভার পোড়াবাড়ি এলাকা থেকে ২০০ পুরিয়া (২০ গ্রাম) হেরোইনসহ উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এব্যাপারে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর সহকারী উপ-পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত আনুমানিক সাড়ে ৮ ঘটিকায় সাভারের পোড়াবাড়ি এলাকায় সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করি।
এসময় রেজিয়া বেগম, স্বামী মাসুদ হাসান খোকন এর নিকট থেকে ২০০ পুরিয়া হেরোইন পাওয়া গেলে তাকে আটক করা হয়। পরে রবিবার (১ সেপ্টেম্বর) সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে আসামীকে প্রেরণ করা হয়।
ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো-টলারেন্স’ নীতিতে ডিবি (উত্তর) নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় এই জোনে বর্তমানে মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদের হার আগের চেয়ে অনেক হ্রাস পেয়েছে। এই অভিযান নিয়মিত চলবে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই চৌকস কর্মকর্তা।
প্রসঙ্গত উল্লেখ্য, সাভারের বেদেপাড়ার শীর্ষ মাদক ব্যবসায়ী খোকনের স্ত্রী এই রেজিয়া বেগম (২৫)। সে দীর্ঘ দিন যাবৎ ফেনসিডিল ও হেরোইন ব্যবসা করে আসছে বলে জানায় স্থানীয় এলাকাবাসী। সাভার মডেল থানায় খোকনের নামে ধর্ষণ, মাদক, চাঁদাবাজি এবং ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
বার্তাবাজার/কেএ