বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন দিয়েছে উচ্চ আদালত।তবে এখনও তিনি জেল থেকে বের হননি। এদিকে অসুস্থ মিন্নি জামিনে মুক্তির পর যেন দ্রুত স্বাভাবিক হয়ে ওঠেন, সেজন্য ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে তার ঘর।
শনিবার (৩১ আগস্ট) দুপুরে সোনা-রূপা একসঙ্গে ভিজিয়ে সেই পানি দিয়ে মিন্নির ঘর পরিষ্কার করেছে তার পরিবার।
রাত সাড়ে ৮টার দিকে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোরের সঙ্গে কথা হলে গণমাধ্যমকে একথা বলেন তিনি।
এর আগে আইনজীবী মাহবুবুল বারী মিন্নির সঙ্গে কারাগারে দেখা করে তার জামিনের বিষয়ে অবহিত করেছেন।এবং জেল থেকে বের হলে মিন্নি কি করবেন আর কি করবেন না সে বিষয়গুলোও তাকে জানিয়েছেন।
আইনজীবী মাহবুবুল বারী আসলাম সাংবাদিকদের বলেন, মিন্নির সঙ্গে আমার দুটি বিষয়ে কথা হয়েছে। উচ্চ আদালত মিন্নির জামিনের আদেশ দিয়েছেন। এ আদেশ অনুযায়ী কারাগার থেকে মিন্নির মুক্ত হতে আরও কয়েকটি আইনি প্রক্রিয়া ও দাফতরিক কাজ সম্পন্ন করতে হবে। এ আইনি প্রক্রিয়া ও দাফতরিক কাজ শেষ হতে দু-চারদিন সময় লাগবে। এজন্য মিন্নি যাতে হতাশাগ্রস্ত না হন, এটা আমি মিন্নিকে বুঝিয়ে বলেছি।
তিনি আরো বলেন, মিন্নির জামিন আদেশে গণমাধ্যমে কথা না বলার নির্দেশ দেওয়া হয়েছে। গণমাধ্যমে কথা বললে মিন্নির জামিন বাতিল হবে। তাই জামিনে মুক্ত হওয়ার পর মিন্নি যাতে কোনোভাবেই গণমাধ্যমের সঙ্গে কথা না বলেন, বিষয়টি আমি মিন্নিকে বুঝিয়ে বলেছি।
বার্তাবাজার/এএস