দক্ষিণ সিটির জন্য ৩৬৩১ কোটি টাকার বাজেট ঘোষণা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) চলতি ২০১৯-২০২০ অর্থবছরে তিন হাজার ৬৩১ কোটি ৪০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে ননগর ভবন মিলনায়তনে ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বাজেট ঘোষণা করেন।

গেল অর্থবছরে ডিএসসিসির প্রস্তাবিত বাজেট ছিল ৩ হাজার ৫৯৮ কোটি ৭৫ টাকা টাকা। পরে সংশোধিত বাজেট হয় ১ হাজার ৭৭৪ কোটি ৩৫ টাকা। গেলবারের সংশোধিত বাজেট থেকে এবার প্রায় তিন গুণ বেশি পরিমাণ টাকার প্রস্তাব করে বাজেট ঘোষণা করেছে সংস্থাটি।

এবারের বাজেটে রাজস্ব খাতে আয়ের বড় অংশ ধরা হয়েছে কর থেকে। এই খাত থেকে ৩৫০ কোটি টাকা আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাজার সালামি থেকে ৩১০ কোটি, ট্রেড লাইসেন্স থেকে ৯০ কোটি টাকা আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে ডিএসসিসি। এছাড়া সম্পত্তি হস্তান্তর কর থেকে আয় ধরা হয়েছে ১০৫ কোটি টাকা।

২০১৯-২০২০ বাজেটে কর্মচারীদের বেতন, ভাতা ও অন্যান্য ক্ষেত্রে ব্যয় ধরা হয়েছে ৩৫০ কোটি টাকা। এছাড়া মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর