সাতক্ষীরার শ্যামনগরে মোটর সাইকেল ও ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক নিহত ও ভ্যান চালক আহত হয়েছে। শুক্রবার সকাল ৯ টার দিকে শ্যামনগর উপজেলার ইছাকুড় পানির ট্যাংকির সামনে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত মোটর সাইকেল চালকের নাম সাদেক হাজারী (২২)। সে কালিগঞ্জ উপজেলার পারুলগাছা গ্রামের সামছুর হাজারীর ছেলে। অপরদিকে, আহত ইঞ্জিনভ্যান চালকের নাম আবুল কালাম (৩৫)। সে শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের রুখচান গাজীর ছেলে।
শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) রোকন মিয়া জানান, কালিগঞ্জ থেকে মোটর সাইকেল চালিয়ে সাদেক শ্যামনগরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ইছাকুড় পানির ট্যাংকির সামনে পৌঁছালে একটি ইঞ্জিনভ্যানকে পাশ কাটিয়ে অতিক্রম করার সময় মোটর সাইকেল ও ইঞ্জিনভ্যানর মুখোমুখি সংঘর্ষে হয়। এ সময় মোটরসাইকেল চালক সাদেক ছিটকে রাস্তার পাশে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ সময় আহত হন ভ্যান চালক আবুল কালাম।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি