চট্টগ্রামে শুরু হলো ‘গার্মেন্টেক’ প্রদর্শনী

পোশাকশিল্পের কাজে প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি ও কাঁচামাল প্রদর্শনীর অনুষ্ঠান ‘গার্মেন্টেক’ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী ‘গার্মেন্টেক চট্টগ্রাম’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মেয়র নাছির বলেন, দিন দিন গার্মেন্টস শিল্পের গুরুত্ব বাড়ছে। এই ধরণের প্রদর্শনীতে সর্বাধুনিক প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। এগুলোর ব্যবহার করে উৎপাদন অনেক গুন বাড়াতে পারবেন উদ্যোক্তারা।

গ্লোবাল টেকনোলজি স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে ছড়িয়ে দিতে চট্টগ্রামে তৃতীয়বারের মতো এ প্রদর্শনীর আয়োজন। তৈরি পোশাক খাত ও টেক্সটাইল খাতের উদ্যোক্তা এবং শিল্প সংশ্লিষ্টদের উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক এই প্রদর্শনী দেশে সর্বপ্রথম আয়োজন করা হয়েছিলো ২০০২ সালে ঢাকায়।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রদর্শনীর আয়োজক এএসকে ট্রেড অ্যান্ড এক্সিভিশনস প্রাইভেট লিমিটেডের এমডি টিপু সুলতান ভূঁইয়া, পরিচালক নন্দ গোপাল কে সহ প্রমুখ।

চীন, জাপান, জার্মানি, ফ্রান্স, ইতালি, ভারত, ভিয়েতনাম, তুর্কি, তাইওয়ান, সিঙ্গাপুর সহ বাংলাদেশের ৭০টি প্রতিষ্ঠানের শতাধিক স্টল রয়েছে। এর মধ্যে জুকি, জ্যাক, ইস্টম্যান, মরগান, উইন্ডা, জুসি, ফোকাস, জেকে সুইং, কুল মাস্টার, জো জে, নাওমোটো, অ্যাডভান্স টেকনোলজি হাউসের স্টলও রয়েছে।

ডায়িং, কাটিং, সুইং, ওয়াশিং, প্যাকেজিং, নিডল, সফটওয়্যার, স্পেয়ার পার্টস, অ্যাম্ব্রয়ডারি, প্রিন্টিং, মার্কিং, ভেন্টিলেশন, ফিউজিং, ফিনিশিং, ওয়্যারহাউস ইনস্ট্রাকচার সহ তৈরি পোশাক উৎপাদনে প্রয়োজনীয় সকল বিভাগ এই প্রদর্শনীতে অন্তর্ভুক্ত রয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন। বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জনসাধারণের জন্য প্রদর্শনী উম্মুক্ত থাকবে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর