নোয়াখালীর প্রধান সড়কের সোনাপুর-চৌমুহনী অংশে সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখে চলছে পিচ ঢালাইয়ের কাজ। স্থানীয়রা এবং সড়ক ও জনপথ অধিদফতর বলছেন বিদ্যুৎ বিভাগের অবহেলায় খুঁটিগুলো এখনো অপসারন করা সম্ভব হয় নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বৈদ্যুতিক খুঁটি অপসারন না করে চারলেনে সড়ক উন্নীত করার কাজে ইতোমধ্যেই এক লেনের ঢালাই শেষ পর্যায়ে। অন্তত ১৫ টি খুঁটি সড়কের মাঝখানে। এসব খুঁটির কারনে রোলার পর্যাপ্ত পরিমান চাপ প্রয়োগ করতে ব্যর্থ হচ্ছে। যার ফলে সড়কটির কাজের মান নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে।
স্থানীয়রা প্রতিবেদকের কাছে ক্ষোভ প্রকাশ করে জানান, বিদ্যুতের খুঁটি অপসারন না করলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অথচ বিদ্যুৎ বিভাগ এখনো চোখে পড়ার মত কোন পদক্ষেপ নিচ্ছে না খুঁটি অপসারনে।
সরেজমিনে ঠিকাদার কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায় নি। তবে সেখানে থাকা শ্রমিকরা জানালেন, বৈদ্যুতিক খুঁটির কারনে তাদের কাজ করতে বেগ পেতে হচ্ছে। তারা বলেন, খুঁটিগুলো অপসারণ না করায় কাজ করতে আমাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
সড়ক ও জনপথ অধিদফতর নোয়াখালী উপবিভাগীয় সহকারী প্রকৌশলী শামসুদ্দোহার সাথে মুঠোফোনে যোগযোগ করা হলে তিনি বার্তা বাজারকে বলেন, বিদ্যুৎ বিভাগকে ক্ষতিপূরনের টাকা অনেক আগেই দেয়া হয়েছে। এখন তারা যদি খুঁটি অপসারন না করে তাহলে তো আমাদের কিছু করার নেই। প্রকল্পের নির্দিষ্ট মেয়াদ আছে, তাই প্রকল্পের কাজ এগিয়ে নিতে হবে আমাদের।
তিনি খুঁটি অপসারন না করাটা বিদ্যুৎ বিভাগের অবহেলাও মনে করেন।
নোয়াখালী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গিয়াস ইবনে আলম বার্তা বাজারকে বলেন, যে জায়গায় খুঁটি অপসারন করার কথা সে জায়গা অধিকতর নিচু। তাই সেখানে খুঁটি সরিয়ে নেয়া সম্ভব হচ্ছে না। তিনি বলেন, জেলা প্রশাসন এবং সওজ’র সাথে একাধিকবার মিটিং করা হয়েছে। তারা ভূমি অধিগ্রহণ করে দিলে খুঁটিগুলো সরিয়ে নেয়া হবে।
তবে কবে নাগাদ এসব বৈদ্যুতিক খুঁটি সরিয়ে নেয়া হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছুই বলেন নি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই নির্বাহী প্রকৌশলী।
উল্লেখ্য, ৯৭০ কোটি টাকা ব্যায়ে নোয়াখালীর চৌমুহনী থেকে সোনাপুর পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক চারলেনে উন্নীত করন প্রকল্প একনেকে পাশ হয় ২০১৭ সালের ২৪ অক্টোবর। প্রকল্প মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৩০ জুন। এর মধ্যে পেরিয়ে গেছে দুই বছর। প্রকল্পের মেয়াদ আছে এক বছরেরও কম। তবে এখন পর্যন্ত অপসারণ করা হয় নি বৈদ্যুতিক খুঁটি। এমনকি শহর অংশে ২ বছরেও ভূমি অধিগ্রহণকৃত স্থাপনা ক্ষতিপূরণের সম্পন্ন হয় নি।
ভিডিও…..
বৈদ্যুতিক খুঁটি রেখেই নোয়াখালীর সোনাপুর-চৌমুহনী সড়ক চারলেনে উন্নীত করণ প্রকল্পে গাবুয়া,এখলাশপুর অংশে পিচ ঢালাইয়ের কাজ চলছে।নোয়াখালী থেকে সরাসরি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোঃ ওয়ালিদ সাকিব।
Gepostet von Barta Bazar am Dienstag, 27. August 2019
বার্তা বাজার/এস.আর