শিবির সভাপতির বাসায় সাবেক শিক্ষামন্ত্রী ভূরিভোজ, সমালোচনার ঝড়

সিলেটের গোলাপগঞ্জে শিবির নেতার বাসায় দাওয়াত খেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নিজ বলয়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দাওয়াত খাওয়ায় তার নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ-বিয়ানীবাজার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। চলছে নানা আলোচনা-সমালোচনা।

জানা গেছে, মঙ্গলবার (২৭ আগস্ট) সিলেট-৬ আসনের অন্তর্ভুক্ত গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের সোনাপুর গ্রামে গণসাক্ষাত নামের একটি কর্মসূচিতে যান সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপর তিনি দাওয়াত খেতে যান সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট শাখা শিবিরের সভাপতি বেলাল হোসেনের বাড়িতে।

বেলাল হোসেন নিজে তার বাড়িতে আগত আওয়ামী লীগ নেতাদের আপ্যায়ন করেন। বেলাল হোসেনের ভাই আলী হোসেন কানাডা বিএনপির প্রচার সম্পাদক। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানাডা সফরকালে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে সামনের সারিতে ছিলেন। এছাড়াও তিনি সেখানকার বিএনপি-জামায়াতের রাজনীতির একজন সক্রিয় নেতা।

দাওয়াতে নুরুল ইসলাম নাহিদের সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মিসবাহ উদ্দিন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা স্বেচ্ছাবক লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদ।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর