শেরপুর জেলার নকলা উপজেলায় পুলিশ প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রেণী-পেশার জনগণকে সাথে নিয়ে ঢাকা-নাকুগাঁও স্থল বন্দর সড়কের দুইপাশে বৃক্ষ রোপন করা হয়েছে। ২৭ আগস্ট মঙ্গলবার বিকেলে উপজেলা পুলিশিং ফোরামের আয়োজনে উপজেলার পূর্ব লাভা এলাকায় ঢাকা-নাকুগাঁও স্থলবন্দর সড়কের দুইপাশে বিভিন্ন জাতের ঔষুধি গাছের চারা রোপন করা হয়।
নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলমগীর হোসেন শাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষ রোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে শেরপুর জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম) এ কার্যক্রম উদ্বোধন করেন।
এসময় নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, জেলা পরিষদের সদস্য ছানোয়ার হোসেন ও ছামিউল হক মুক্তা, গৌড়দ্বার ইউপি চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, বানেশ্বরদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. মাজহারুল আনোয়ার মহব্বত, উপজেলা যুব লীগের আহবায়ক মো. রফিকুল ইসলাম সোহেলসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম) বলেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঔষুধি গাছের চারা রোপন করা হলেও, এসব গাছের অধিকাংশ সুফল ভোগ করবেন স্থানীয়রা। তাই রোপন করা গাছ গুলো দেখাশুনাসহ সেবা যত্নের দায়িত্ব নেওয়ার জন্য স্থানীয় জনগণসহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদের প্রতি অনুরোধ জানান তিনি।
বার্তাবাজার/কে.জে.পি