সাতক্ষীরা পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরের উৎপাত বৃদ্ধি পেয়েছে। এসব কুকুরে কামড়ে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে স্কুলগামী শিশু ও পথচারীরা। শহরের বিভিন্ন অলি-গলি, রাস্তায় দল বেঁধে উপদ্রব চালাচ্ছে এসব বেওয়ারিশ কুকুর। পৌরবাসীরা এদের কামড়ে জলাতঙ্ক রোগের আশঙ্কায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। বিশেষ করে স্কুল-মাদরাসা পড়ুয়া কোমলমতি ছেলে-মেয়েদের নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাতে হচ্ছে অভিভাবকদের।
কুকুরের সংখ্যা বেড়ে গেলে সাধারণত পৌরকর্তৃপক্ষ তা নিধন করত। কিন্তু অমানবিক হওয়ায় উচ্চ আদালতের নির্দেশে ২০১২ সাল থেকে সারা দেশে কুকুর নিধন বন্ধ আছে।
সাতক্ষীরা পৌরসভার পক্ষ থেকে শহরের এসব বেওয়ারিশ কুকুরদের শরিরে জলাতঙ্ক রোগের প্রতিষেধক ভ্যাকসিন দেওয়া হয়। কিন্তু এদের নিধন বা কোন জন্ম নিয়ন্ত্রনের ব্যবস্থা নেওয়া হয়নি। যার ফলে বর্তমান প্রজনন মৌসুমের পর শহরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা পাঁচ থেকে ছয় গুন বৃদ্ধি পাবে।
পৌরসভার সবুজবাগ এলাকার আব্দুল্লাহ জানান, আমার ছোট ছেলে আবু সাঈদ (৯) স্থানীয় প্রি-ক্যাডেট স্কুলের ছাত্র। কুকুরের ভয়ে তার সাথে প্রতিদিন যাওয়া-আসা করতে হয়। শহরের বিভিন্ন অলি-গলি, রাস্তায় দল বেঁধে বেওয়ারিশ কুকুরের মিছিল দৌড়া-দৌড়ি, কামড়া-কামড়ি ও উপদ্রব চরম আকার ধারণ করেছে।
বার্তা বাজার/এস.আর