প্রতিবন্ধীরা প্রতিযোগী হিসেবে গড়ে উঠছে- চেয়ারম্যান আসাদুজ্জামান

সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।

তিনি বলেন, ‘প্রতিবন্ধী শিক্ষার্থীরা এখন সমাজের বোঝা নয়। তারাও প্রতিযোগী হিসেবে গড়ে উঠছে। যথাযথ পরিচর্যার মাধ্যমে তাদেরকে দেশের সম্পদ হিসেবে গড়ে তোলা হচ্ছে। তারা সমাজ তথা দেশের উন্নয়নের ভূমিকা রাখছে। আগে সমাজে প্রতিবন্ধীদের যে দৃষ্টিতে দেখা হতো সেই সুযোগ এখন আর নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে বিগত ১০ বছরে এদেশের মানুষ সচেতন হয়েছে। সমাজে তাদের অধিকার নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। তারাও ঘরে বসে নেই। নিজ নিজ মেধা ও সামর্থ্য দিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় অবদান রেখে চলেছেন। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের যে কোনো ধরনের উন্নয়নে অবদান রাখতে পারে।’

চেক বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আলহাজ্ব ডা: মো: আবুল কালাম বাবলা, অশোক কুমার বরকন্দাজ, সহকারী শিক্ষক রুমা রাণী প্রমুখ। এসময় সমাজসেবা অফিসের মাধ্যমে ৮হাজার ৪শ টাকা করে ৫৭ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ৪লক্ষ ৭৮ হাজার ৮শ টাকার চেক প্রদান করা হয়।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর