ডিসির ‘সাধনা’র শাস্তির দাবিতে মানববন্ধন

নারী কেলেংকারির ঘটনায় ওএসডি হওয়া জামালপুরের সাবেক জেলা প্রশাসক আহমেদ কবীর ও জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক সানজিদা ইয়াসমীন সাধনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জামালপুর মানবাধিকার ও নাগরিক সুরক্ষা আন্দোলন।

মঙ্গলবার দুপুরে শহরের দয়াময়ী চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, নাগরিক সুরক্ষা আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর সেলিম, তরঙ্গ মহিলা কল্যাণ সমিতির সভাপতি শামীমা খান ও কবি রাজন্য রূহানী।

নারী কেলেংকারির চাঞ্চল্যকর এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা। জেলা প্রশাসকের কার্যালয়ের খাসকামড়ায় বেডরুম তৈরি এবং নারী অফিস সহায়কের সঙ্গে আপত্তিকর কর্মকাণ্ডে লিপ্ত থাকার ভিডিও ফেসবুকে ভাইরাল হলে গত রোববার আহমেদ কবীরকে ওএসডি করা হয়।

সাবেক জেলা প্রশাসক আহমেদ কবীরের সঙ্গে তার অফিস সহায়ক সানজিদার ৪ মিনিট ৫৮ সেকেন্ড ও ২৪ মিনিট ৫৮ সেকেন্ডের আপত্তিকর দুটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে তোলপাড় শুরু হয়।

নারী অফিস সহায়কের সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ায় আহমেদ কবীরকে রোববার ওএসডি করে ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

একই সঙ্গে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ এনামুল হককে জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। নতুন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক সোমবার বিকালে যোগদান করেছেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর