একটি পাইপ গান, দু’টি কার্তুজ, জাল টাকা ও ইয়াবা ট্যাবলেটসহ শেরপুর জেলার সদর উপজেলা চরপক্ষীমারী ইউনিয়নের একটি গ্রাম থেকে ২৭ আগস্ট মঙ্গলবার দুপুরে খবির উদ্দিন ওরফে সোহেল (৩২) নামে এক অস্ত্রধারী যুবককে গ্রেফতার করেছে শেরপুর সদর থানার পুলিশ। সোহেল শেরপুর পৌরসভার মোল্লাপাড়া মহল্লার আবুল হাশেমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শেরপুর পৌরসভার মোল্লাপাড়া মহল্লার অস্ত্রধারী খবির উদ্দিন ওরফে সোহেল সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের একটি গ্রামে মঙ্গলবার দুপুরে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) আঃ ওয়াদুত সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে খবির উদ্দিন ওরফে সোহেল কে আটক করে। এসময় পুলিশ তার কাছ থেকে একটি পাইপ গান, দু’টি কার্তুজ, ২৯ হাজার জাল টাকা ও বেশকিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
অস্ত্র, গুলি, জাল টাকা, ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও খবির উদ্দিন ওরফে সোহেলকে গ্রেফতারের বিষয়টি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন। এ ঘটনায় শেরপুর সদর থানায় পৃথক তিন মামলা দায়ের করা হয়েছে।
বার্তা বাজার/এস.আর