জেলার নালিতাবাড়ী উপজেলাতে বালু বোঝাই বেপরোয়া ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম মিন্টু (৪০) নামে এক ইউপি সদস্য ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সেই সাথে আহত হয়েছেন আরও দুইজন।
২৭ আগস্ট মঙ্গলবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া সাহেব আলী মোড় এলাকায় নাকুগাঁও স্থলবন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউপি’র ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের ইউপি সদস্য নজরুল ইসলাম মিন্টু দুই আত্মীয় আব্দুর রব ও জাহিদুল ইসলামকে সাথে নিয়ে ছেলের বিয়ের দাওয়াত দিয়ে নকলা থেকে মোটরসাইকেল যোগে নালিতাবাড়ী ফিরছিলেন। এসময় যোগানিয়া সাহেব আলী মোড় এলাকায় পৌঁছামাত্র নালিতাবাড়ী থেকে নকলা গামী একটি বালু বোঝাই ট্রাক্টরের সাথে ওই মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং সেই সাথে চালক ইউপি সদস্যসহ তিন আরোহী ছিটকে রাস্তার পার্শ্বে পড়ে। এসময় মোটরসাইকেল চালক ইউপি সদস্য নজরুল ইসলাম মিন্টু ঘটনাস্থলেই মারা যান।
অপর দুই মোটরসাইকেল আরোহী আব্দুর রব ও জাহিদুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সারোয়ার জাহান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার এবং ঘাতক ট্রাক্টরটি আটক করেছে। এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
বার্তা বাজার/এস.আর