আমাদের এখন প্রধান কাজ হচ্ছে দেশবাসীকে ঐক্যবদ্ধ করা- ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐক্য ছাড়া মুক্তি মিলবে না। তাই এখন গ্রামেগঞ্জে গিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করার কাজ করতে হবে। এটাই হবে রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রধান কাজ।

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির চেয়ারম্যান মরহুম কাজী জাফর আহমদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিংবদন্তি নেতা ছিলেন কাজী জাফর আহমদ। দেশের ক্রান্তিকালে তিনি সবসময়ই সাহসী ভুমিকা গ্রহণ করতেন। তিনি সবার কাছেই ছিলেন একজন গ্রহণযোগ্য ও সজ্জ্বন ব্যক্তিত্ব।

মির্জা ফখরুল ইমলাম বলেন, ২০১৪ সালে নির্বাচনে মিডিয়া যে ভূমিকা পালন করেছে সেই ভূমিকা কিন্তু ২০১৮ সালে পালন করতে পারেনি। কারণ ২০১৮ সালে মিডিয়াকে সরকারের পক্ষ থেকে বলে দেয়া হয়েছে সব কিছু প্রকাশ করা যাবে না। তিনি আরো বলেন, বিচার বিভাগও এখন স্বাধীনভাবে কাজ করতে পারছে না। দেশ এখন কঠিন সময় পার করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেব আমাদের এখন প্রধান কাজ হচ্ছে দেশবাসীকে ঐক্যবদ্ধ করা। দেশবাসীকে বুঝাতে হবে দেশ এখন একটি কঠিন সংকটের মধ্যে পরেছে। এই সংকট থেকে মুক্তি পেতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর