‘আমার বোন থাকলে থাকলে স্টোকসেকে বিয়ে করতে বলতাম’

টি-টোয়েন্টির এই যুগে টেস্ট ক্রিকেট না কি আর চলে না। দিনভর ব্যস্ততার মাঝে পাঁচদিন ধরে ‘বিরক্তিকর’ ক্রিকেট দেখার ধৈর্য হয় না অনেকেরই। কিন্তু টেস্ট ক্রিকেট তো শুধু নিছক একটি খেলাই নয়! বেন স্টোকস নামের এক ‘অতিমানব’ আরও একবার প্রমাণ করে দিয়ে গেলেন, টেস্ট ক্রিকেট ব্যাট-বলের লড়াইয়ের চেয়েও অনেক বেশি কিছু। এটি এমন এক পরীক্ষা, জীবন নামের কঠিন পরীক্ষার সঙ্গে যার অনেক অনেক মিল।

জীবন মাঝে মাঝে মানুষকে এমন পরিস্থিতিতে ফেলে দেয়, লক্ষ্যপূরণের আগেই হতাশা ঘিরে ধরে প্রবলভাবে। তাড়া করতে থাকা স্বপ্নটা দেখায় বড্ড ফিকে, সফল হওয়ার সম্ভাবনা চলে যায় শূন্যের কোটায়। দুর্বল চিত্তের মানুষেরা তখন আশা হারিয়ে আত্মসমর্পণ করেন নিয়তির কাছে। তবে জীবন সবাইকেই দ্বিতীয় সুযোগ দেয়। কিন্তু সে সুযোগ নেওয়ার মতো মানসিক শক্তি যে সবার থাকে না! রুপালি পর্দার জগতে যেমন সুপারহিরো আছে, বাস্তব জীবনেও তেমনি রক্ত-মাংসের সুপারহিরো আছেন। সেই সুপারহিরোরা ভাগ্যে বিশ্বাস করেন না, বরং সামর্থ্য দিয়ে ভাগ্যকে টেনে নেন নিজের দিকে।

শনিবার লিডসে এক অতিমানবীয় ইনিংস খেলে ইংল্যান্ডকে জয় উপহার দেন বেন স্টোকস। হাইভোল্টোজ ম্যাচটির দশম উইকেটে স্বাগতিকদের দরকার ছিল ৭৩ রান। এলো ৭৬ রান। ৭৪ রানই করেন স্টোকস। শেষ পর্যন্ত তার হার না মানা ১৩৫ রানের ইনিংসে ১ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পায় ইংল্যান্ড। রোমাঞ্চকর-নাটকীয় এ জয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক পাঁচ ম্যাচ অ্যাশেজ সিরিজে তিন টেস্ট শেষে ১-১ সমতায় আসেন ইংলিশরা।

অনবদ্য ইনিংসের পর সোশ্যাল সাইটে চলছে স্টোকস বন্দনা। সাবেক ইংলিশ স্পিনার গ্রায়েম সোয়ান টুইট করেছেন, আমার কোনো বোন নেই। তবে বোন থাকলে তাকে বলতাম স্টোকসকে বিয়ে করতে। যদিও তিনি বছর দেড়েক আগে বিয়ে করেছেন। সুখে সংসারও করছেন।

ইংল্যান্ডের বার্মি আর্মি সমর্থক গোষ্ঠী লিখেছে, স্যার বেন স্টোকসের উত্থান। এদিকে নিজের নাম বেন বলতেই বেশি পছন্দ করছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেভিন পিটারসেন। তিনি লিখেছেন, হাই, আমার নাম বেন, বেন স্টোকস। সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক লিখেছেন, কোনো ইংলিশ ক্রিকেটারের সর্বকালের সেরা ইনিংস।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর