গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য হিন্দু সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৬ আগস্ট) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
ফখরুল বলেন, ‘দেশে ঘোরতর অমানিশা চলছে। মানুষের অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। গণতন্ত্র হরণ করে নিয়ে স্বাধীনতার চেতনা ধ্বংস করে দিয়েছে এই সরকার। এদের আমলে একদিকে গণতান্ত্রকামী মানুষ নির্যাতিত-নিপীড়িত হয়েছে, অন্যদিকে ভিন্ন মতাবলম্বীরা নির্যাতিত হয়েছে। বিভিন্ন ধর্মের লোকজনও নির্যাতিত হয়েছেন।’
তিনি বলেন, ‘মানুষের কল্যাণের জন্য, দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে থেকে যে আন্দোলন করছেন, আমাদের সকলকে সেই আন্দোলনে শরিক হতে হবে। সত্যিকার অর্থেই একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।’