সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার অভয়তলা গ্রামের পাট ক্ষেত থেকে শেখ রেজাউল ইসলাম (৪২) নামের এক জুতা ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শেখ রেজাউল ইসলাম উপজেলার পাটকেলঘাটা অভয়তলা গ্রামের শেখ ইয়াকুবের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিহতের বাড়ীর পাশের পানের বরজ ও পাটক্ষেতের আইলের উপর তারই চাচাতো ভাই শেখ জলিল হোসেন জুতা ব্যবসায়ী রেজাউলের মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃতদেহ উদ্ধারের সময় নিহতের মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়। এদিকে পরিবারের সদস্যদের দাবী গত রবিবার দুপুরে বাড়ী থেকে বের হয় রেজাউল ইসলাম আর বাড়ী আসেনি।
রেজাউল ইসলামের তাস খেলার নেশা ছিলো বলেও জানান। তাস খেলাকে কেন্দ্র করে ঝামেলা হওয়ায় হয়তো তাকে হত্যা করে লাশ পাটক্ষেতের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। মৃতদেহের পাশ থেকে একটি গেঞ্জি ও মোবাইল উদ্ধার করেছে পুলিশ।
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশের ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।
বার্তা বাজার/এস.আর