পলিথিনের ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও সতর্কতা

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে সচেতনতা সৃষ্টি ও ব্যবসায়ীদের বিক্রি বন্ধের লক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন শ্রীবরদী উপজেলা প্রশাসন। ২৬ আগস্ট সোমবার বিকালে পৌর শহরের মধ্য বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মঞ্জুর আহসান। এই অভিযান পরিচালনাকালে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুত করার দায়ে দুইটি প্রতিষ্ঠানকে ১ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করা হয়। এসময় বিভিন্ন দোকান থেকে পলিথিন ব্যাগ জব্দ করেন এবং পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে দোকানিদের সতর্ক করেন।

শ্রীবরদী সচেতন মহলের দাবী, পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন ব্যাগ সরকার বন্ধ করলেও জেলা শহর থেকে শুরু করে জেলার সকল উপজেলায় এর ব্যবহার অবাধে চলছে। ডিপার্টমেন্টাল চেইনশপ থেকে শুরু করে কাঁচাবাজারে মাছ-মাংস, শাক-সবজি সবকিছুই দেওয়া হচ্ছে এই পলিথিন ব্যাগ। আইনের কার্যকর প্রয়োগ না থাকায় দেদারছে চলছে এই নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, বাজারজাত, বিক্রি ও ব্যবহার। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নাকের ডগায় প্রকাশ্যেই চলছে নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন। তারা এই মোবাইল কোর্ট পরিচালনাকে স্বাগত জানিয়ে বলেন, পলিথিনের ব্যবহার বন্ধে সরকার পণ্যের মোড়ক হিসেবে পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিত করতে যে আইন করছেন তারও বাস্তবায়ন হোক।

এই অভিযানের ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মঞ্জুর আহসান বলেন, আমরা শুধু জরিমানার মধ্যে সীমাবদ্ধ নই, সবাইকে সচেতনতা করছি পলিথিনের ক্ষতিকর প্রভাব গুলোর ব্যাপারে। তিনি আরও বলেন, পলিথিন শপিং ব্যাগ ও পলিথাইলিন সামগ্রীর ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর। পলিথিন সামগ্রী উৎপাদন, মজুদ, আমদানি, বাজারজাতকরণ ও বিক্রয়ের উদ্দেশ্য প্রদর্শন আইনের লঙ্ঘন। পরবর্তিতেও আমাদের এই কার্যক্রম অব্যহত থাকবে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর