সরকার রোহিঙ্গাদের সমাবেশের বিষয়ে কিছুই জানতো না- পররাষ্ট্রমন্ত্রী

লক্ষাধিক রোহিঙ্গার উপস্থিতিতে টেকনাফে সমাবেশের বিষয়ে সরকার আগে থেকে কিছুই জানতো না। গণমাধ্যমে খবর দেখে আমরা বিষয়টি জানতে পারি। বললেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ সোমবার জাতীয় জাদুঘরে শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের সমাবেশের বিষয়ে কোনো ধারণা ছিল না। মিডিয়ার সংবাদ থেকেই এটা দেখতে পাই। ভবিষ্যতে এ ধরনের কোন আন্দোলন বা সমাবেশ করতে দেয়া হবে না।

ড. আব্দুল মোমেন বলেন, ২২ আগস্ট রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়ার সম্পূর্ণ দায় মিয়ানমারের। কারণ, তারা রোহিঙ্গাদের আশ্বস্ত করতে পারেনি। তারা বোঝাতে পারেনি যে স্বদেশে ফিরে গেলে রোহিঙ্গারা নিরাপত্তা ও নাগরিক সুযোগ-সুবিধা পাবেন।

সম্প্রতি এক রোহিাঙ্গা নেতা মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন। তিনি কোন দেশের পাসপোর্ট ব্যবহার করেছেন সাংবাদিকরা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করেননি। কোনো দেশ চাইলে পাসপোর্ট ছাড়াও অনুমতি নিয়ে সে দেশে যাওয়া যায়।

২৫ আগস্ট ছিল রোহিঙ্গা সঙ্কটের দুই বছর পূর্তি। ২০১৭ সালের এ দিনে ভয়াবহ হত্যাযজ্ঞের ঘটনা ঘটে মিয়ানমারের রাখাইন রাজ্যে। এরপর পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন রোহিঙ্গারা। বর্তমানে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা ১১ লক্ষাধিক।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর