তুচ্ছ ঘটনায় যুবক নিহত, পুলিশসহ আহত ৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের সংঘর্ষে মনির হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। পরবর্তীতে পুলিশসহ আহত হয়েছেন আরও ৮ জন।

রোববার রাতের এ ঘটনায় আহত তিনজনসহ মোট ৫ জনকে আটক করা হয়েছে উল্লেখ করে কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান জানান, ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও পরিবেশ এখন শান্ত রয়েছে।

তিনি জানান, রোববার রাতে শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের ফুলছড়া এলাকায় কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি পক্ষ। এ সময় মনির নামে কাপড়ের দোকানের এক কর্মচারী নিহত হন এবং আহত হয় আরও ৫ জন।

নিহত মনির হোসেন শহরতলীর মুসলিমবাগ এলাকার আকিল মিয়ার ছেলে। তিনি শ্রীমঙ্গল শহরের মিদাদ শপিং সিটির রাজু কালেকশন নামের একটি কাপড়ের দোকানে চাকরি করতেন বলেও জানান এএসপি ৷

এদিকে এই ঘটনার পর নিহত মনিরের গ্রাম মুসলিমবাগ এলাকার বাসিন্দারা উত্তেজিত হয়ে বন্ধ করে দেয় শ্রীমঙ্গল কালীঘাট সড়কের যান চলাচল। হাসপাতালে ভর্তি আহত চা বাগান শ্রমিকদের উপর আক্রমণ করতে তারা হাসপাতালে ভীড় করে এবং ইটপাটকেল ছুড়ে মারে।

এ সময় তাদের শান্ত করতে এগিয়ে আসা পুলিশ কনস্টেবল সমর বিকাশ চাকমা ও শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য অজয় সিংহ ও আমজাদ হোসেন বাচ্চু আহত হন।

এদের মধ্যে পুলিশ কনস্টেবল সমর বিকাশ চাকমা ও অজয় সিংহের অবস্থা গুরতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মনিরের সঙ্গে থাকা একই এলাকার নাজমুল হোসেনর ছেলে জহির মিয়াকেও গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে, আহত চা শ্রমিক সঞ্জিব ও চন্দনসহ তিন শ্রমিককেও উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর