সিরাজগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন! জরিমানা

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের শিমলা এলাকার স্পার বাধের নিকটে যমুনা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৫ আগস্ট) বিকালে এই দন্ডাদেশ দিয়েছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার এ তথ্য নিশ্চিত করে জানান,গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদরের ছোনগাছা ইউনিয়নের শিমলা এলাকার স্পার বাধের নিকটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

এ সময় ড্রেজার দিয়ে যমুনা নদী হতে স্পার বাধের নিকট হতে অবৈধভাবে বালু উত্তোলন দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে টাঙ্গাইল জেলার ভূয়াপুর উপজেলার রাজ্জাক নামক এক বালু ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযানে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০” এর আওতায় জরিমানা করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. জাকির হোসেন,পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর