দীর্ঘ ১২ বছর ধরে দেশের বিভিন্ন জেলায় চুরি করে আসা ৫০ জন সদস্যের গঠিত চোর গ্রুপের ১১ জনকে অস্ত্র ও চুরির সরঞ্জাম সহ গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
আন্তঃজেলা চোর চক্রের ১১ সদস্যকে গ্রেফতারের পর রোববার (২৫ আগস্ট) এসব তথ্য জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, আন্তঃজেলা চোর চক্রের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দুইটি এলজি, একটি লোহার কাটার, একটি লোহার রড ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত ১১ জন হলো- মো. কামাল হোসেন (২৮), মো. লিয়াকত হোসেন (২৪), মো. আকরাম প্রকাশ সাগর (২৩), মো. হানিফ প্রকাশ হাতপোড়া হানিফ (৩৮), মো. মাসুম (২৬), মো. মিজান (২৫), নয়ন মল্লিক (২২), মো. মিলন (২৫), জামাল উদ্দিন (৩০), মো. তৌফিক (২৬), মো. কামাল প্রকাশ ভুসি কামাল প্রকাশ জসিম (৩২)। এদের মধ্যে লিয়াকত হোসেন ও নয়ন মল্লিকের বাড়ি চট্টগ্রামে ও কামাল হোসেনের বাড়ি নরসিংদী এবং অন্যদের বাড়ি কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা এসএম মেহেদী হাসান জানান, গত কয়েক মাসে কোতোয়ালী থানা এলাকায় পাঁচটি চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় মামলা দায়ের হয় থানায়। সম্প্রতি একটি চুরির ঘটনায় মালিঙ্গা নামে এক চোরকে গ্রেফতারের পর আন্তঃজেলা চোর চক্রের ব্যাপারে তথ্য পায় পুলিশ। শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে লালদীঘির পাড়ের হোটেল তুনাজ্জিন থেকে এসব চোরকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারের পর পুলিশকে তারা তারা জানাই যে, তারা গত ১২ বছর ঢাকার গুলশান, মহাখালী, বাড্ডা, যাত্রাবাড়ী, ব্রাহ্মণবাড়িয়ার সদর, কুমিল্লা, সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ সহ চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চুরি করে আসছে। তারা যেখানে চুরি করতে যায়, ঐ এলাকায় বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করে এবং ঘুরে ঘুরে বিভিন্ন দোকান, ঘর, গুদাম, শো রুম চুরির জন্য টার্গেট করে। পরে সুযোগ সুবিধা মত টার্গেট অনুুযায়ী চুরি করে।
বার্তাবাজার/কে.জে.পি