দ্বিতীয় ম্যাচে হোঁচট খেল জিদানের শিষ্যরা

লা লিগা ২০১৯-২০ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে শুভসূচনা করেছিল রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোর মাঠে গিয়ে ১০ জনের রিয়াল মাদ্রিদই উড়িয়ে দিয়েছিল স্বাগতিকদের। তবে দ্বিতীয় ম্যাচে এসে হোঁচট খেল গেল মৌসুমে বলার মতো পারফর্ম করতে না পারা রিয়াল। নিজেদের দুর্গ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল ভায়াদোলিদের সঙ্গে স্প্যানিশ জায়ান্টরা ১-১ গোলে ড্র করেছে। রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেছেন করিম বেনজেমা। অতিথিদের পক্ষে গোলটি আসে সার্জি গার্দিওলার কাছ থেকে।

এই মৌসুমে বার্ন্যাবুতে নিজেদের প্রথম ম্যাচে পুরোনোদের ওপরই আস্থা রেখেছিলেন জিদান। আস্থার প্রতিদান ভালোই দিয়েছিলেন শিষ্যরা। তবে বল দখলে এগিয়ে থেকেও গোলের দেখা পেতে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বেল-বেনজেমাদের।

দ্বাদশ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে একটুর জন্য লক্ষ্যে থাকেনি গ্যারেথ বেলের বুলেট গতির শট। সপ্তদশ মিনিটে শট লক্ষ্য রাখতে পারেননি বেনজেমা। ধারে দুই মৌসুম বাইরে কাটিয়ে আসা হামেস রদ্রিগেস ঝলক দেখিয়েছেন। ১৯তম মিনিটে লক্ষ্যে থাকেনি তার শট, ৩৫তম মিনিটে বাইরে চলে যায় কলম্বিয়ান এই মিডফিল্ডারের হেড।

আক্রমণে ধার বাড়াতে ৬৯তম মিনিটে ইসকোর জায়গায় লুকা ইয়োভিচকে নামান জিদান। মাঠে নামার কয়েক সেকেন্ডের মাঝে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন সার্বিয়ান এই স্ট্রাইকার। বেলের দারুণ ক্রসে তার হেড ফিরে ক্রসবারে লেগে।

৭৮তম মিনিটে দারুণ একটি সুযোগ হাতছাড়া করেন গুয়ার্দিওলা। নাচো মার্তিনেসের ক্রসে ঠিক মতো পা ছোঁয়াতে পারেননি বিপজ্জনক জায়গায় থাকা ভাইয়াদলিদের এই ফরোয়ার্ড।

চার মিনিট পর রিয়ালকে এগিয়ে নেন বেনজেমা। ডি-বক্সের ভেতরে ঢুকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন এই ফরাসি স্ট্রাইকার। লা লিগায় এটি তার দেড়শতম গোল।

৮৮তম মিনিটে ব্যর্থ হননি গুয়ার্দিওলা। টনি ক্রুস মাঝ মাঠে বল হারালে অস্কার প্লানো বল বাড়ান গুয়ার্দিওলাকে। বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করা ফরোয়ার্ড এবার থিবো কর্তোয়াকে ফাঁকি দিয়ে খুঁজে নেন জাল।

গত সপ্তাহে প্রথম রাউন্ডে সেল্তা ভিগোকে ৩-১ গোলে হারিয়েছিল রিয়াল। অন্য দিকে নিজেদের প্রথম ম্যাচে রিয়াল বেতিসকে হারিয়েছিল ভাইয়াদলিদ।

বার্তবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর