মাত্রই শুরু হলো ইংলিশ প্রিমিয়ার লিগ। নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পেয়েছে লিভারপুল ও আর্সেনাল দুই দলই। তবে শনিবার অ্যানফিল্ডে দল দুটির মুখোমুখি দেখায় দুর্দান্ত জয় পেয়েছে স্বাগতিকেরা। দারুণ এ জয়ে ২৯ বছর আগে গড়া নিজেদের মাঠে লিগে টানা ১২ জয়ের রেকর্ড স্পর্শ করল তারা। ঘরের মাঠে লিগে অজেয় যাত্রাও অব্যহত রাখল ইয়ুর্গেন ক্লপের দল; ২০১৭ সালের এপ্রিলে ক্রিস্টাল প্যালেসের কাছে হারের পর এ নিয়ে ৪২ ম্যাচ অপরাজিত থাকল অলরেডরা। অন্যদিকে, লিভারপুলের কাছে ৩-১ গোলে ম্যাচ হেরে চলতি মৌসুমে প্রথমবারের মতো পরাজয়ের তেতো স্বাদ নিয়েছে আর্সেনাল।
আর্সেনালের ওপর আধিপত্যও ধরে রাখল গত লিগে রানার্সআপ হওয়া লিভারপুল। আগের আটবারের মুখোমুখি লড়াইয়ে গানারদের কাছে কখনও হারেনি অলরেডরা। জিতেছে চারটি, বাকি চার ম্যাচ ড্র।
শুরুতেই ফিরমিনোর গোলে এগিয়ে যেতে পারত লিভারপুল। কিন্তু আর্সেনালের কপাল ভালো যে বলে ঠিকমতো পা ছোঁয়াতে পারেননি ফিরমিনো। প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় গোলের সুযোগ পেয়েছে আর্সেনালও। কিন্তু এমিরেকের চিপ শট অল্পর জন্য পোস্টের বাইরে দিয়ে চলে গেলে রক্ষা পায় লিভারপুলও। শুরুটা বেশ জমে উঠলেও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আর্সেনালের রং কেমন জানি ফিকে হতে শুরু করে; ধার কমে যায় খেলায়।
যা হওয়ার তা-ই হলো। প্রথমার্ধে অনেকটা সময় অলরেডদের আটকে রাখা গেলেও ৪১তম মিনিটে মাতেপের দুর্দান্ত হেডে এগিয়ে যায় ইউরোপের চ্যাম্পিয়নরা।
প্রথমার্ধে স্কোরলাইন ১-০ রেখেই দুই দল মাঠ ছাড়ে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই অতিথিদের পেয়ে বসে লিভারপুল। ডি বক্সের মধ্যে দুর্দান্ত সালাহকে আটকাতে তার জার্সি টেনে হলুদ কার্ড দেখেন ডেভিড লুইজ।
৪৯তম মিনিটে পেনাল্টি থেকে জাল খুঁজে নিতে কোনো সমস্যাই হয়নি সালাহর।
৫৮তম মিনিটে সালাহ ফের স্বরূপে ফিরে আসেন। এবার তাকে আর রোখা যায়নি। ফাবিনহোর লম্বা পাস থেকে দুর্দান্ত শটে বল ঠিকানায় পাঠান লিভারপুলের মিসরীয় এই তারকা।
নির্ধারিত সময়ের খেলা শেষ হতে আর মিনিট পাঁচেক। তখনই সান্ত্বনাসূচক গোল পায় আর্সেনাল। ডি বক্সের ভেতরে পাওয়া বল নিচু শটে জালে জড়ান লুকাস তরেইরা।
বার্তবাজার/এএস