৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে- প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের এই উক্তি উল্লেখ করে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান বলেছেন সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দলকে শক্তিশালী করতে হবে।
পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের কুলখানি উপলক্ষে আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ বিজয়মেলা মাঠে মানিকগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের শাসনামলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। উপজেলা পরিষদ, জেলা পরিষদ গঠন, রাস্তা-ঘাটসহ অবকাঠামোগত উন্নয়ন করে তিনি দেশের মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন।
মানিকগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইয়াহিয়া চৌধুরী ইনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় এই দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব জহিরুল আলম রুবেল, কেন্দ্রীয় নেতা বিল্লাল হোসেন ও নোয়াব আলী প্রমুখ।
বার্তা বাজার/এস.আর