গায়ের ওপর দিয়ে ট্রেন গেলেও অলৌকিকভাবে বেঁচে যায় শিশুটি

ফুট ফুটে ছোট্ট শিশুর ওপর দিয়ে যাচ্ছে একের পর এক দ্রুতগামী ট্রেন। তবুও অলৌকিকভাবে বেঁচে গেলে এই শিশুটি।এ ঘটনাটি ঘটেছে ভারতে।শিশুটি বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির রেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এমন খবর চাউর হওয়ার পর শিশুটিকে এক নজর দেখতে হাসপাতালে ভির জমাচ্ছে সাধারণ মানুষ।

বৃহস্পতিবার রাতে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ৪৫ কিলোমিটার দূরে নিয়ম মাফিক লাইন যাচাই করছিলেন দু’জন ট্র্যাকম্যান। সেই সময়েই তাদের নজরে আসে একটি ছোট্ট কাপড়ের পুঁটলি। কাপড়টা সরাতেই তাদের চক্ষু চড়কগাছ।

রেল লাইনের মাঝে কাপড়ে মুড়িয়ে রাখা হয়েছিল কয়েক মাস বয়সী এক কন্যা শিশুকে। ওই শিশুর সারা গায়ে ছিল আঘাতের চিহ্ন। সঙ্গে সঙ্গে রেলের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়। তাদের উদ্যোগেই প্রথমে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় ছোট্ট শিশুটিকে। পরে তাকে রেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কে বা কারা শিশুটিকে লাইনের মাঝে ফেলে রেখে গেছে তা নিয়ে তদন্ত শুরু করছে পুলিশ।

তবে এখানেই শেষ নয়। বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে চটহাট স্টেশন থেকে উদ্ধার করা হয় ৩০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ। রেলকর্মীদের ধারণা, ওই নারীই হয়তো শিশুটির মা। তাকে খুন করার পর লাইনে বেশ কিছুটা এগিয়ে এসে শিশুটিকে রেখে যাওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শিশুটির মাথা, পিঠ ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। রেল হাসপাতালে বর্তমানে সুস্থ হয়ে উঠেছে শিশুটি। রেল হাসপাতালে চিকিৎসকদের কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে শিশুটিকে। সুস্থ হওয়ার পর শিশুটিকে হোমে স্থানান্তরিত করা হবে বলে জানানো হয়েছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর