ধামরাইয়ে দুইটি জুয়েলার্সের দোকানে দুর্ধর্ষ চুরি!

ঢাকার ধামরাইয়ে অভিনব পদ্ধতিতে দুইটি জুয়েলার্সের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় কয়েক লাখ টাকার স্বর্ণের অলংকার চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ আগস্ট) ভোর রাতে উপজেলার কাওয়ালীপাড়া নবগ্রাম বাজারে অনন্যা এবং তনয় জুয়েলার্স নামের দুই দোকানে এই চুরির ঘটনা ঘটে।

অনন্যা জুয়েলার্সের মালিক ফজলু হোসেন জানান, ‘সকালে দোকান খুলে দেখতে পাই দোকানের চালের টিন কাটা। চোরেরা দোকান থেকে এক ভরির বেশী স্বর্ণ ও প্রায় চারশত ৫০ ভরি রুপা চুরি করে নিয়ে গেছে।’

এব্যাপারে অপর চুরি হওয়া দোকান তনয় জুয়েলার্সের মালিক বিপ্লব বলেন, আমার দোকানের টিনের চাল কেটে চোররা প্রবেশ করে এবং ২ ভরি স্বর্ণ ও ৯০ ভরি রুপা নিয়ে যায়।

এদিকে, ধামরাই থানার কাওয়ালীপাড়া ফাঁড়ির ইনচার্জ মোঃ ফজলুল হক জানিয়েছেন, চুরির খবর পেয়ে ক্ষতিগ্রস্থ দোকানগুলো পরিদর্শন করা হয়েছে। মালিকদের সাথে কথা বলে জানা গেছে আনুমানিক ৩ থেকে ৪ লাখ টাকার অলংকার চুরি হয়েছে যার ভিতর বেশির ভাগই রুপার অলংকার।

এব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, চুরির ঘটনায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে অপরাধীদের গ্রেপ্তারসহ চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।

বার্তাবাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর