আশুলিয়ায় নদী থেকে নিখোঁজ আইটি কর্মকর্তার লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় নদীতে নিখোঁজ আইটি কর্মকর্তার মরদেহ নিখোঁজের ছয় দিন পরে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) সকালে কন্ডা প্রাথমিক বিদ্যালয়ের কাছে বংশাই নদীতে স্থানীয় জনতা নিখোঁজ নাফিউল ইসলাম নয়নের (২৪) লাশ খুঁজে পেয়ে পুলিশকে জানালে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

প্রসঙ্গত, গত ১৭ আগস্ট আশুলিয়ার কন্ডা এলাকায় বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে স্রোতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে নয়ন নিখোঁজ হয়।

প্রসঙ্গত আরও উল্লেখ্য, নিহত নয়ন বেসরকারী প্রাইম বিশ্ববিদ্যালয়ের মিরপুর ক্যাম্পাসের এমবিএ’র প্রথম বর্ষের ছাত্র ছিলেন। এছাড়া তিনি মিতালী গ্রুপের আইটি কর্মকর্তা হিসেবেও কর্মরত ছিলেন।

এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক বিজন কুমার দাস বলেন, আজ (শুক্রবার) সকালে স্থানীয়রা নয়নের মৃতদেহ খুঁজে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার এবং সনাক্তকরণ শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করে।

এর আগে, গত শনিবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে বন্ধুদের সঙ্গে নয়ন কন্ডা ব্রিজ এলাকায় বংশাই নদীতে গোসল করতে নামেন। ঘণ্টাখানেক পর অনেকেই পানি থেকে উঠে এলেও তিনজন সাঁতার কাটার সময় তারা স্রোতের মধ্যে পড়ে গেলে নয়ন তাদের উদ্ধার করতে এগিয়ে যায়। কিন্তু সাঁতার না জানায় নয়ন পানিতে তলিয়ে যায়। এসময় বন্ধুরা নৌকা দিয়ে ওই তিনজনকে উদ্ধার করতে পারলেও নয়নকে আর খুঁজে পাওয়া যায়নি।

বার্তাবাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর