সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের কাছে নির্মানাধীন স্লুইস গেটের কাছে বিকল্প বাঁধ চুইয়ে পানি ঢোকায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। মাইকিং করে বাঁধ রক্ষায় জনসাধারণকে এগিয়ে আসতে বলা হয়েছে।
বুধহাটা স্লুইস গেটটি ব্লুগোল্ড নতুন করে নির্মানের কাজ করছে। প্রায় দু’মাস আগে স্লুইস গেট অপসারণ করে বিকল্প বাধের মাধ্যমে পানি উঠানামা বন্ধ করে গেট পুনঃনির্মান কাজ শুরু করে ব্লুগোল্ড। ঠিকাদার কাজ শুরু করার পর এলাকার পানি নিস্কাশনের জন্য বিকল্প বাঁধে প্রথমে দু’টি পাইপ বসিয়েছিল।
তাতে প্রয়োজনীয় পানি নিস্কাশন না হওয়ায় এলাকা প্লাবিত হয়ে যায়। পানি নিস্কাশন ব্যবস্থা বাড়ানোর জন্য আরও একটি পাইপ স্থাপন করা হয়েছে। দুর্বল মাটির বাঁধের কারনে পাইপের পাশ দিয়ে ভিতরের পানি বাইরে ও বাইরে থেকে নদীর পানি ভিতরে আসছে।
ফলে যে কোন সময় বাঁধটিতে ধস নেমে এলাকা প্লাবিত হওয়ার আশংকা করছে এলাকাবাসী। বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর মসজিদের মাইক থেকে বাঁধের ভয়াবহতার ঘোষণা দিয়ে সকলকে বস্তা, কোদাল, বাঁশ দিয়ে বাঁধ রক্ষায় এগিয়ে আসতে বলা হয়।
তখন মানুষের মধ্যে ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। মাইকে ঘোষণা শুনে এলাকার বহু মানুষ বাঁধে উপস্থিত হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারী ইমন, আবু সাইদ, সাদ্দাম হোসেন নেতৃত্ব দিয়ে বাঁধ রক্ষায় কাজ করে যাচ্ছে।
বার্তাবাজার/কেএ