সিরাজগঞ্জের স্থানীয় দৈনিক কলম সৈনিক পত্রিকার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি নজরুল ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ রায়গঞ্জ থানার আমলী আদালতে মামলাটি দায়ের করেন রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন আ’লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল আলীম খান।
রায়গঞ্জ থানার আমলী আদালতের পেশকার রোজিনা খাতুন এ তথ্য নিশ্চিত করে জানান, মামলাটি তদন্তের জন্য পুলিশ ইনভেসটিগেশন ব্যুরোকে(পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি লক্ষ্মীখোলা দাখিল মাদ্রসার একটি নতুন ভবন নির্মাণের জন্য ২টি মেহেগুনী, ৪টি ইউক্যালিপটাস ও ২টি কাঁঠাল গাছ ১লাখ ২৫ হাজার টাকা বিক্রি করে নতুন ভবনের জন্য নির্মাণ সামগ্রী ক্রয় করা হয়।
চলতি মাসের ৫ আগস্ট সাংবাদিক নজরুল ইসলাম মাদ্রাসা অফিস কক্ষে প্রবেশ করে মাদ্রাসার সভাপতি ও আ’লীগ নেতা আব্দুল আলীমের নিকট গাছ বিক্রির টাকা থেকে ৫০ হাজার টাকা চাঁদাদাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে সাংবাদিক নজরুল ইসলাম মাদ্রাসার সভাপতিকে হুমকী দিয়ে চলে যান।
পরে স্থানীয় দৈনিক কলম সৈনিক পত্রিকায় তার বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করেন। এ ঘটনার পর বুধবার (২১ আগস্ট) দুপুরে সাংবাদিক নজরুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন তিনি।
এদিকে,বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে আব্দুল আলীমের পক্ষে তার ছোট ভাই লিটন খান তার ভাইয়ের কাছে চাঁদা চাওয়া এবং অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানিয়ে সিরাজগঞ্জ রিপোর্টাস ইউনিটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে।
বার্তাবাজার/এস.আর