বাল্যবিয়ে থেকে রক্ষা পেল আদুরী,বরের জেল

বগুড়ার শেরপুরে মাকড়খোলা গ্রামে বাল্য বিয়ের খবর পেয়ে গত বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও শেরপুর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী আদুরীর (১৩) বিয়ে বন্ধ করেছেন। এ ঘটনায় বর ইকবালকে (১৫) জেল হাজতে প্রেরণ করেছে।

জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাকড়খোলা গ্রামের আকিমুদ্দিনের মেয়ে মাকরখোলা দাখিল মাদ্রাসার ছাত্রী আদুরী খাতুনের সাথে গত বুধবার রাত সাড়ে ১১ টার দিকে একই ইউনিয়নের ভাদড়া গ্রামের মহসিন আলীর ছেলে ইকবাল হোসেনের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ খবর পেয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর কে সঙ্গে নিয়ে বিয়ে বাড়িতে গিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দেন। এসময় মেয়ের বাবা আকিমুদ্দিন তার মেয়েকে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে অঙ্গীকার নামা দেন। এবং বর ইকবালকে ১০ দিনের কারাদন্ড দেন ও মেয়েকে স্বাস্থ্য ও বয়স বিবেচনায় ছেড়ে দেন। এছাড়াও কনের বাবা আকিমুদ্দিন ৫ হাজার, বরের বাবা মহসীন আলী ৫ হাজার ও কাজী আব্দুস সালামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. লিয়াকত আলী সেখ বলেন, খবর পেয়ে বিয়ে বাড়িতে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করে বরকে ১০ দিনের জেল দেয়া হয়েছে। বাল্য বিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

বার্তাবাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর