ময়মনসিংহে সুজন হত্যা মামলার প্রধান আসামী বন্দুকযুদ্ধে নিহত

ময়মনসিংহের গফরগাঁওয়ে অটো চালক সুজন হত্যা মামলার প্রধান আসামি এখলাছ উদ্দিন ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

পুলিশ জানায়, গফরগাঁও উপজেলার পাগলা চাকুয়া এলাকায় অবস্থান করছে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ও সুজন হত্যা মামলার প্রধান আসামি এখলাছসহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী। এমন খবরে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে মাদক কারবারিরা। পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদক কারবারিরা পালিয়ে গেলে এখলাছকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহ্ কামাল হোসেন আকন্দ জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এখলাছের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ২৭ জুলাই রাতে সুজন নামের এক চালককে জবাই করে তার অটোরিকশা ছিনতাই করে এখলাছসহ বেশ কয়েকজন।

বার্তাবাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর