সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য প্রিতুল রায়। গুরুতর আহত প্রিতুল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার বাবা সঞ্জয় রায় কান্নাজড়িত কণ্ঠে জানান, ছেলের অবস্থা ভালো না। কি হয় বলা যায় না।
মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখার ক্যাম্পাসের ভেতরে প্রিতুল রায় (২০)কে হাতে এবং পায়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
প্রিতুল রায় কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য ও কুমিল্লা অজিতগুহ কলেজের সাবেক জিএস সঞ্জয় রায়ের ছেলে। তার বাসা কুমিল্লা শহরের পুরাতন চৌধুরীপাড়ায়। প্রিতুল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে বর্তমানে ঢাকায় একটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পড়ালেখা করছেন।
প্রিতুলের বাবা বুধবার সঞ্জয় রায় জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বন্ধুদের সঙ্গে ঘুরতে প্রিতুল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উচ্চ মাধ্যমিক শাখার ক্যাম্পাসে যায়। ঠিক তখন ১৯ থেকে ২০ বছর বয়সি ২০/২৫টি ছেলে ছেনিসহ দেশীয় অস্ত্র হাতে এসে তার হাত এবং পায়ের বিভিন্ন অংশে এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করে।
হামলাকারীরা মুখোশ পরা ছিল। হামলাকারীরা এ সময় আরো কয়েকজনকে ধাওয়া করে। তারা ভিক্টোরিয়া কলেজের পেছন দিয়ে দেয়াল টপকে পালিয়ে যায়।
তিনি বলেন, তার সহকর্মীরা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা ঢাকা নেওয়ার পরামর্শ দেয়।
এ ঘটনায় মামলা করার জন্য একজনকে দায়িত্ব দিয়েছি।সঞ্জয় রায় আরো জানান, আমার ছেলে আমাকে বলেছে সে ঢাকায় চলে যাবে সে জন্য বন্ধুদের সঙ্গে কয়েক মিনিটের জন্য দেখা করতে গেছে।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক বুধবার বলেন, কলেজ ছাত্রকে কুপিয়ে আহত করার ঘটনায় থানায় এখনো তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসেনি।
বার্তাবাজার/কেএ